প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাট শহরের মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘আ স ম মুস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদ’-এর আয়োজনে সকাল সাড়ে ১০টায় এ প্রতিযোগিতা শুরু হয়।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—এই দুই বিভাগে ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জাকির হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক চর্চা ও খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুস্তাফিজুর রহমানের স্মৃতি ধরে রাখতে আগামী বছরগুলোতেও এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম।
উল্লেখ্য, আ স ম মুস্তাফিজুর রহমান (১৯৩৪-১৯৯৬) ছিলেন বিএনপির নেতা ও সাবেক সেনা কর্মকর্তা। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বও পালন করেন। বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণকারী এই নেতা ১৯৯৬ সালের ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন।