চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুন দেখা যায়। ঘটনাস্থলে কেরোসিন ও বোতল পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুন দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে কেরোসিনভর্তি বোতল পাওয়া যায়। এ ছাড়া ট্রেনের বিভিন্ন স্থানে কেরোসিন ছড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ কামরুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষকে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।’