মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২০:০৩
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনে উপকূলীয় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:১৭
শেয়ার: mail
জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনে উপকূলীয় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সংরক্ষণ বিধিমালায় ‘লাল’ শ্রেণি থেকে ‘কমলা’ শ্রেণিতে পুনর্বিন্যাসের সিদ্ধান্তে উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদ ও গবেষকরা। তাঁদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে শিল্পটির পরিবেশগত ছাড়পত্র ও দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিদ্যমান কঠোর শর্ত শিথিল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উপকূলীয় বনাঞ্চল, মাটি, পানি ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর দূষণের প্রভাব আরও বাড়তে পারে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম আয়োজিত ‘জাহাজ ভাঙা শিল্পের নীতিমালা পরিবর্তনে পরিবেশগত ঝুঁকি’ শীর্ষক সেমিনারে এসব উদ্বেগ তুলে ধরেন বক্তারা।

সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে জাহাজ ভাঙা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এর পরিবেশগত ক্ষতি উপেক্ষা করার সুযোগ নেই। জাহাজ ভাঙার সময় নির্গত বিষাক্ত বর্জ্য, তেল, ভারী ধাতু ও অন্যান্য ক্ষতিকর পদার্থ উপকূলীয় মাটি, পানি এবং সামুদ্রিক পরিবেশ দূষিত করছে। পাশাপাশি এ শিল্পে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও আশপাশের জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কাও রয়েছে। তাই পরিবেশ সুরক্ষার শর্ত শিথিল না করে শিল্পটিকে আরও কঠোর নজরদারির আওতায় আনার দাবি জানান তাঁরা।

সেমিনারে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন ‘উপকূলের রক্ষাকবচ সবুজ বেষ্টনী ধ্বংসে জাহাজ ভাঙা শিল্পের ভূমিকা ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, জাহাজ ভাঙা শিল্পের বিস্তারের কারণে উপকূলীয় বনাঞ্চল ও সবুজ বেষ্টনী ক্ষতিগ্রস্ত হলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে উপকূলকে রক্ষা করতে সবুজ বেষ্টনী সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রকৌশলী দেলোয়ার মজুমদার তাঁর প্রবন্ধে জাহাজ ভাঙা শিল্পের পরিবেশগত প্রভাব, শ্রমিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঝুঁকি তুলে ধরেন। তিনি বলেন, এ শিল্পে নিয়োজিত শ্রমিকরা নানা ধরনের পেশাগত স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কায় থাকেন। অন্যদিকে বিষাক্ত বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে তা আশপাশের জনবসতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. মো. মনজুরুল কিবরীয়া উপকূলীয় জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশবিদ ও গবেষকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

চবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম ‘জাহাজ ভাঙা শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে পুনর্বিন্যাস : মৃত্তিকা, পানি ও উদ্ভিদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, শিল্পটির শ্রেণি পরিবর্তনের ফলে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ও নিয়ন্ত্রণব্যবস্থা শিথিল হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মাটি, পানি ও উদ্ভিদকুলের ওপর দূষণের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

চবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার ‘জাহাজ ভাঙা শিল্প ও পরিবেশ বিপর্যয় : বর্তমান বাস্তবতা ও টেকসই উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধে উপকূলীয় বাস্তুতন্ত্রের সংকট তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশবান্ধব পদ্ধতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের সুপারিশ করেন।

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধগুলোর আলোচনার ভিত্তিতে বাপার সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান সমন্বিত ১০ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, নির্দিষ্ট জোনে শিল্পের কার্যক্রম সীমিত রাখা, বাধ্যতামূলক সবুজ বেষ্টনী গড়ে তোলা, বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণ, প্রতিটি জাহাজের বিপজ্জনক উপাদান তালিকা (আইএইচএম) যাচাই, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যৌথ ও স্বাধীন তদারকি, দূষণ পর্যবেক্ষণ ও তথ্য প্রকাশ, জনঅংশগ্রহণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়ন।

বাপার সাধারণ সম্পাদক শ. ম. বখতিয়ার সেমিনারটি সঞ্চালনা করেন। অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্থপতি জেরিনা হোসেন, স্থপতি মিজানুর রহমান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান, ইপসার প্রধান পরামর্শক মোহাম্মদ আলী শাহিন এবং নোবডি সামবডির সভাপতি ফয়েজ উদ্দিনসহ অন্যরা।

বক্তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। তবে সেই উন্নয়ন যেন উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের বিনিময়ে না হয়, তা নিশ্চিত করতে হবে। জাহাজ ভাঙা শিল্পে পরিবেশগত সুরক্ষা, শ্রমিকের নিরাপত্তা এবং দূষণ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তনে উপকূলীয় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

বিস্তারিত কমেন্টে