মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:৪৪
শিরোনাম
● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর

ছবি- সংগৃহীত

বিশ্ব বিনোদন অঙ্গনের ঝলমলে জগতের আড়ালে রয়েছে বহু অমীমাংসিত ঘটনা। তারকাদের আকস্মিক মৃত্যু, অস্বাভাবিক পরিস্থিতিতে মরদেহ উদ্ধার কিংবা মৃত্যুর কারণ নিয়ে নানা বিতর্ক—দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব ঘটনা ঘিরে কৌতূহল কমেনি। পুরনো হলিউডের এমনই ১০টি আলোচিত মৃত্যুর ঘটনা তুলে ধরেছে বিনোদনভিত্তিক সাময়িকী ‘এন্টারটেইনমেন্ট উইকলি’। তালিকায় রয়েছেন মেরিলিন মনরো ও ‘সুপারম্যান’খ্যাত জর্জ রিভসের মতো জনপ্রিয় তারকারা। কারও মৃত্যু দুর্ঘটনা, কারওটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হলেও বিভিন্ন প্রশ্ন ও বিতর্কের কারণে ঘটনাগুলো এখনো আলোচনায় আসে।

তালিকার প্রথমে রয়েছেন অভিনেত্রী অলিভ থমাস। ১৯২০ সালের ১০ সেপ্টেম্বর প্যারিসের একটি হাসপাতালে মারা যান তিনি। স্বামী জ্যাক পিকফোর্ডের সঙ্গে রিটজ হোটেলে অবস্থানকালে বিষাক্ত রাসায়নিক পদার্থ পান করেছিলেন অলিভ। কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করলেও অন্যদের ধারণা, ঘুমের ওষুধ ভেবে ভুল করে ওই পদার্থ পান করেছিলেন তিনি। শেষ পর্যন্ত তাঁর মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে ঘোষণা করা হয়। তবে সেদিন ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বিতর্ক রয়ে গেছে।

১৯২১ সালে অভিনেত্রী ভার্জিনিয়া র‍্যাপের মৃত্যু ঘিরে হলিউডে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কমেডি তারকা রসকো ‘ফ্যাটি’ আরবাকলের আয়োজিত একটি পার্টিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। চার দিন পর মূত্রথলি ফেটে সৃষ্ট সংক্রমণে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরবাকলের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাঁকে তিন দফা বিচারের মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত জুরি তাঁকে নির্দোষ ঘোষণা করলেও তাঁর অভিনয়জীবন আর আগের অবস্থায় ফেরেনি। পার্টিতে আসলে কী ঘটেছিল, তা নিয়ে প্রশ্ন আজও রয়েছে।

নীরব চলচ্চিত্র যুগের পরিচালক উইলিয়াম ডেসমন্ড টেলরকে ১৯২২ সালের ১ ফেব্রুয়ারি নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাঁর মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতার কথা বলা হলেও পরে শরীরে গুলির ক্ষত শনাক্ত হয়। অভিনেত্রী মেবেল নরম্যান্ডসহ কয়েকজনের নাম তদন্তে উঠে আসে। বাড়ির পাশের এক নারী গুলির শব্দ শোনার পর একজন অপরিচিত ব্যক্তিকে টেলরের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলেন বলেও জানান। তবে হত্যাকারীকে কখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রযোজক পল বার্নের সঙ্গে অভিনেত্রী জিন হারলোর বিয়ে টিকেছিল মাত্র দুই মাস। ১৯৩২ সালের ৫ সেপ্টেম্বর বেভারলি হিলসে নিজের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বার্নের মরদেহ। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও মরদেহের পাশে পাওয়া একটি চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। একই সময়ে তাঁর আগের স্ত্রী ডরোথি মিলেট নিখোঁজ হন এবং পরে নদীতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনা পল বার্নের মৃত্যুকে ঘিরে রহস্য আরও বাড়িয়ে দেয়।

অভিনেত্রী থেলমা টডকে ১৯৩৫ সালের ডিসেম্বরে নিজের গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হওয়ার পর তদন্তকারীরা প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধারণা করেন। তবে তাঁর প্রেমিক ও ব্যবসায়িক অংশীদার রোল্যান্ড ওয়েস্ট, সাবেক স্বামী প্যাট ডি সিকো এবং অপরাধজগতের সঙ্গে যুক্ত লাকি লুসিয়ানোর নামও বিভিন্ন আলোচনায় আসে। তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ ও জল্পনা কখনো পুরোপুরি থামেনি।

১৯৪৩ সালের ১২ সেপ্টেম্বর অভিনেতা ডেভিড বেকন গাড়ি নিয়ে সড়ক থেকে ছিটকে একটি শিমের ক্ষেতে গিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি আহত অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে সাহায্য চাইছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরে জানা যায়, তাঁর পিঠে ছুরিকাঘাত করা হয়েছিল। হত্যার অস্ত্র উদ্ধার হয়নি, কাউকে গ্রেপ্তারও করা যায়নি। গাড়িতে পাওয়া ক্যামেরার ফিল্মে সৈকতে তোলা তাঁর একটি ব্যক্তিগত ছবি পাওয়া গেলেও তা তদন্তে রহস্যের সমাধান আনতে পারেনি।

মাত্র ২০ বছর বয়সী জর্জেট বাউয়ারডর্ফকে ১৯৪৪ সালের ১২ অক্টোবর নিজের অ্যাপার্টমেন্টের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়। আগের রাতে তিনি হলিউড ক্যান্টিনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। প্রতিবেশীরা রাতে তাঁর চিৎকার শুনেছিলেন বলে জানান। ঘটনাস্থলের আশপাশে পাওয়া আঙুলের ছাপ এবং দূরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া তাঁর গাড়ি তদন্তে নতুন সূত্র তৈরি করে। ২০ জনের বেশি সেনাসদস্যের সঙ্গে তাঁর চিঠি আদান-প্রদানের বিষয়টিও সামনে আসে। কিন্তু এত সূত্রের পরও হত্যাকারীকে শনাক্ত করা যায়নি।

হলিউডের সবচেয়ে আলোচিত অমীমাংসিত হত্যাকাণ্ডগুলোর একটি অভিনেত্রী এলিজাবেথ শর্টের মৃত্যু। ২২ বছর বয়সী এই তরুণী অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৪৭ সালের ১৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি ফাঁকা জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সংবাদমাধ্যম তাঁকে ‘ব্ল্যাক ডালিয়া’ নামে পরিচিত করে তোলে। এ ঘটনায় বহু সন্দেহভাজনের নাম সামনে এলেও হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। ছয় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ঘটনাটি নিয়ে বই ও তথ্যচিত্র তৈরি হচ্ছে।

টেলিভিশনে সুপারম্যান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া জর্জ রিভসকে ১৯৫৯ সালের ১৬ জুন নিজের বাড়ির শোবার ঘরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল। কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করে। তবে ঘরের মেঝেতে আরও দুটি গুলির চিহ্ন, অস্ত্রের অবস্থান এবং পুলিশকে খবর দিতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর বাগদত্তা লিওনোর লেমন ও সাবেক প্রেমিকা টনি ম্যানিক্সকে ঘিরেও বিভিন্ন তত্ত্ব সামনে আসে। তবে সরকারি নথিতে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা হিসেবেই উল্লেখ রয়েছে।

তালিকার শেষ নামটি হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর। ১৯৬২ সালের ৪ আগস্ট মাত্র ৩৬ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত ওষুধ গ্রহণজনিত বিষক্রিয়ার কথা বলা হয় এবং ঘটনাটি সম্ভাব্য আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও তাঁর ভাই রবার্ট কেনেডির সঙ্গে মনরোর কথিত সম্পর্ক ঘিরে পরে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়ে পড়ে। মৃত্যুর পর তাঁর পাকস্থলী ও অন্ত্রের কিছু নমুনা পরীক্ষার জন্য পাওয়া যায়নি বলেও জানা যায়। ১৯৮২ সালের তদন্তে হত্যার ষড়যন্ত্রের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। তবু মনরোর মৃত্যু নিয়ে কৌতূহল ও জল্পনা আজও অব্যাহত।

তথ্যসূত্র ও ছবি: এন্টারটেইনমেন্ট উইকলি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর

বিস্তারিত কমেন্টে