অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সরকারি বিধিবিধান লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব সংস্থার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে এসব এনজিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা এর মধ্যে অন্যতম।
এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অভিযোগেও কয়েকটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অপরাধের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি নিবন্ধন বাতিল ও কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সংসদে দেওয়া তথ্যে এনজিওবিষয়ক ব্যুরোর কার্যক্রমও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বৈদেশিক অনুদানপুষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয় করে আসছে।
তিনি আরও বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এসব সংস্থা কাজ করছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও এনজিওগুলোর অবদানের কথা উল্লেখ করেন তিনি।
তবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কোনো সংস্থা বেআইনি কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।