‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন)। এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার সমবায় কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, সমাজে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সমবায়ের কোনো বিকল্প নেই। আর্থসামাজিক মুক্তি ও উন্নয়নে সমবায় একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। বর্তমানে বাকেরগঞ্জ উপজেলায় ১৫ ধরনের সমবায় কার্যক্রম চালু রয়েছে। উপজেলায় মোট ৩২৬টি সমবায় সমিতির বিপরীতে সদস্যসংখ্যা ৩৮ হাজার ৯০৯ জন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সমবায় সমিতির মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন বা সম্ভব হয় না, সমবায়ের ভিত্তিতে অল্প পুঁজি বিনিয়োগ করে সেই কাজও বাস্তবায়ন করা যায়। এ জন্য সবাইকে সমমনা ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু কাগজে-কলমে সমবায়ের প্রসার সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে এর কার্যক্রম ও পরিধি আরও বিস্তৃত করতে হবে।
আলোচনা সভা শেষে বাকেরগঞ্জ উপজেলায় সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।