মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও শারীরিক হেনস্তার অভিযোগে রাজধানীর নীলক্ষেতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানান তাঁরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁদের চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে কলেজ কর্তৃপক্ষের ইন্ধনে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষকের প্রত্যক্ষ মদদে এ হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা, বৈষম্য, অবিচার ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলন দমন-পীড়ন চালিয়ে বন্ধ করা যাবে না। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের পাশাপাশি মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
তাঁরা আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, আবাসিক হলের আসন বাতিল ও জরিমানার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও হেনস্তার অভিযোগ ওঠে। এ ঘটনার পর মধ্যরাতে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।