চট্টগ্রাম নগরীর হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে যৌন নির্যাতন এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নুর হোসাইন নুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা এলাকায় এসআরবির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, নুর হোসাইন নুর ও মো. মোয়াজ্জেম (৩৭) নামের আরেক আসামি হালিশহর থানাধীন জে-ব্লকের ১ নম্বর রোডের মোড় থেকে ১৭ বছর বয়সী কিশোর তাসফিকুর রহমানকে জোরপূর্বক তুলে নিয়ে যান।
পরে তাকে ফইল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজার নামের একটি ওষুধের দোকানের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আটকে রেখে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
হালিশহর থানার এসআই ইয়াসিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।