বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা দরপতন চলছে। গত ৯ মাসে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৩০০ ডলারের বেশি। রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৯৯০ ডলারে। অথচ গত ২৯ জানুয়ারি এই মূল্যবান ধাতুর দাম উঠেছিল ৫ হাজার ৩১৮ ডলারে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় আউন্স হিসাবে। এক আউন্সে প্রায় ২৮ দশমিক ৩৫ গ্রাম এবং এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণ থাকে। সেই হিসাবে এক আউন্স স্বর্ণের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ ভরি।
এদিকে বাংলাদেশের বাজারে রোববার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে।
সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যেতে পারে। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের সুযোগ তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
সম্প্রতি সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে। জ্বালানির উচ্চমূল্য বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
এ ছাড়া ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে জ্বালানি তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বন্ডের মুনাফাও বাড়তে পারে। এসব পরিস্থিতি স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এখন বিনিয়োগকারীদের নজর আগামী ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। এই বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত আসে, তা স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয় ফেডারেল রিজার্ভ।
কেন্দ্রীয় ব্যাংকটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। মূল্যস্ফীতির নতুন তথ্য ও সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করে স্বর্ণের বাজারে পরবর্তী গতিপথ নির্ধারিত হতে পারে।
kalprakash.com/IM