মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ প্রতিরোধে সাধারণ মানুষকে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএম।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
আইজিপি বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এ মূলমন্ত্র বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও কমিউনিটি পুলিশিং সদস্যদের ভূমিকা রাখতে হবে।
আইজিপি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা থাকলে সাধারণ মানুষকে দ্রুত ও সহজে সেবা দেওয়া সম্ভব। বৈষম্যহীন, মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বাগেরহাটকে শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্যদের আরও সক্রিয় হতে হবে। নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনতা বাড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন আইজিপি। এ সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে পুলিশ লাইন্সে পৌঁছালে আইজিপিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM