সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ইতালি। একই সঙ্গে নতুন করে সৌদি আরবে ভ্রমণ না করার এবং পরিস্থিতি বিবেচনায় দেশটি ছাড়ার প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে রোম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সতর্কবার্তায় সৌদি আরব সফরের পরিকল্পনা স্থগিত রাখার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিমানবন্দর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত বা সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে আকাশপথের বিকল্প হিসেবে সড়কপথ কিংবা অন্য নিরাপদ পরিবহনব্যবস্থা বিবেচনার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি পরিস্থিতি বা হামলার আশঙ্কা দেখা দিলে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও বলা হয়েছে।
এ ছাড়া সামরিক ও নিরাপত্তা স্থাপনা, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, গণপরিবহনকেন্দ্র এবং সাম্প্রতিক সংঘাত বা সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান, নাজরান ও আসির অঞ্চলে ভ্রমণ না করার বিষয়ে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে ইতালি। ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকার অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।