চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় জিহাদকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ ওই এলাকার বাসিন্দা আব্দুল খালেকের নাতি। তিনি চন্দ্রঘোনা মাদ্রাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।