২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য সংশোধন এবং নিষ্ক্রিয় হিসাব সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নতুন করে বৃত্তির তথ্য এন্ট্রির সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য আগে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও নতুন করে এন্ট্রি করা যাবে। এ জন্য এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে।
বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে এন্ট্রি এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে হবে।
ব্যাংকসংক্রান্ত তথ্যের ভুলের কারণে যেসব শিক্ষার্থীর বৃত্তির অর্থ ফেরত গেছে বা জমা হয়নি, তাদের তথ্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর, একক বা যৌথ হিসাবসংক্রান্ত ভুল এবং নিষ্ক্রিয় ব্যাংক হিসাবের সমস্যা সমাধান করতে হবে। নিষ্ক্রিয় হিসাব সচল করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট সব শিক্ষার্থীর তথ্য যাচাই করে পুনরায় সংরক্ষণ করতে হবে। বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের ক্ষেত্রে অধিদপ্তরের সংযুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বৃত্তির এমআইএস সফটওয়্যারে বৃত্তিসংক্রান্ত তথ্য এন্ট্রি করা যাবে না। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল কিংবা অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।
নির্দেশনাটি বাস্তবায়নে দেশের সরকারি ও বেসরকারি কলেজ, স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ, মেডিকেল ও প্রকৌশল কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
kalprakash.com/IM