আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিট। দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি জোরদারের বার্তা নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে র্যালিটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এসি লাহা মিলনায়তনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত র্যালি ও মহড়ায় অংশ নেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শেখ মোস্তাহিদুল আলম রবি, কার্যনির্বাহী সদস্য রেহেনা পারভীন লাকি, আজমিরা খাতুন, নার্গিস আক্তার ইভা ও মো. আল-আমীন সরদার, আজীবন সদস্য আব্দুল্লাহ বনি এবং সাংবাদিক আলী আকবর টুটুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার তাহেরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মামুনুর রশীদ, সিডিআরআরএনসিএ প্রকল্পের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মোনালিসা রুপা, রেসপন্সিভ বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান এবং বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলামসহ ইউনিটের অন্যান্য যুব সদস্য।
আয়োজকরা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। দুর্যোগের আগে সতর্কতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া এবং উদ্ধার কার্যক্রমে সমন্বিত উদ্যোগ মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিবসটির কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
kalprakash.com/IM