রংপুরের মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে তিনি গ্রাম পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা আরও সুসংহত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি বিশেষ করে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত থানা পুলিশকে জানানোর আহ্বান জানান। অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার জন্যও গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।
এ সময় থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় বলেও তিনি সতর্ক করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মিঠাপুকুর থানার আনুষ্ঠানিক পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্য, স্থানীয় দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা।
তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
kalprakash.com/IM