“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬ জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখা এবং ডিজিটাল যুগে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে তথ্য অধিকারের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রশাসন ও সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সঠিক তথ্য জানার অধিকার অত্যন্ত জরুরি। অপতথ্য রোধে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদানের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন, পিরোজপুরের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর।
kalprakash.com/IM