বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাঁদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।
অফিস আদেশে বলা হয়েছে, minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com—এই দুটি ই-মেইল ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।
kalprakash.com/IM