ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জ্বালানি তেল বিক্রির সময় প্রতি লিটারে ১০০ গ্রাম করে তেল কম দেওয়ার অভিযোগ হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিনটি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সড়কে মোটরসাইকেল পার্কিংয়ের দায়ে আরও একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে জরিমানা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া পৌর শহরের বিভিন্ন তেলের দোকান, ফিলিং স্টেশন ও খাবারের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি তেল বিক্রয় প্রতিষ্ঠানে তেল পরিমাপ করে প্রতি লিটারে প্রায় ১০০ গ্রাম করে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ঢাকা হোটেলকে ৫ হাজার টাকা এবং সড়কে মোটরসাইকেল পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া বা মাপে কোনো ধরনের কারচুপি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
kalprakash.com/IM