রাজধানীর মালিবাগে জুমার নামাজের পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মালিবাগ মোড়ের ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হলের ফটকের কাছে দুটি এবং এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুরো ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
একই দিন মঙ্গলবার দুপুরে হাইকোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ফটকের সামনে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
kalprakash.com/IM