ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তাইজে অব্যাহতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার তাইজ থেকে সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
ইয়েমেনের সরকারি বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাইজ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্ল্যাটফর্মকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই প্ল্যাটফর্ম থেকেই গত সপ্তাহে বন্দরনগরী মোখায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরপর স্থল হামলা চালিয়ে লোহিত সাগরের তীরবর্তী মোখা দখল করে নেয় হুথি যোদ্ধারা।
আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ তাইজের খাদির জেলাতেও সৌদি বিমান হামলা চলছে।
অপরদিকে, একই সময়ে হুথিরা তাদের সেনা ও অস্ত্রশস্ত্র জড়ো করছে। তারা তাইজের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত আল-সাকাব ফ্রন্টে সশস্ত্র যোদ্ধা, সাঁজোয়া যান ও ভারী অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে।
এর আগে ধুবাব, মোখা এবং তাইজের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব।
সৌদি ও ইয়েমেনি বাহিনীর হামলার জেরে হুথিরা ইয়েমেনি সেনাদের লক্ষ্য করে আল-খাদেহা ফ্রন্টে চার রাউন্ড গোলা ছুড়েছে।
এদিকে গত পাঁচ দিনে হুথিদের লক্ষ্য করে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব বলে দাবি করেছে হুথিরা। সৌদি আরব হামলা অব্যাহত রাখলে উত্তেজনা আরও বাড়ানোর হুমকি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।
সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা বলেছে, সৌদির এফ-১৫ যুদ্ধবিমান, ইউরোফাইটার টাইফুনসহ অন্যান্য যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালানো হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার লড়াই শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা
kalprakash.com/IM