নওগাঁর ধামইরহাটে সরকারিভাবে নিষিদ্ধ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিরানহা মাছ বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ মাছের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সচেতন করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল ৪টার দিকে ধামইরহাটের স্থানীয় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর উপস্থিতিতে ও প্রসিকিউশনে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদের নিষিদ্ধ ও ক্ষতিকর মাছ আমদানি, মজুত ও বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদেরও এ জাতীয় মাছ কেনা থেকে বিরত থাকতে সচেতন করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, ক্ষতিকর মাছের হাত থেকে মানুষকে নিরাপদ রাখা এবং ব্যবসায়ীদের সচেতন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
kalprakash.com/IM