দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় জানানো হয়, পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মুখ্য বার্তা সম্পাদক মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
kalprakash.com/IM