যশোরের মণিরামপুরে মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগে মো. বিল্লাল হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের চান্দুয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য, বিশেষ করে গাঁজা কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর বাবা এলাকার একজন বিত্তশালী ব্যক্তি এবং তিনি পরিবারের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলবার রাত আটটার দিকে চান্দুয়া গ্রামে গাঁজা বিক্রির সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ১২টি পুটুলিতে ভাগ করা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে পুলিশ সূত্রে একটি পুটুলিতে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিল্লালকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM