সৌদি আরবকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ দৃঢ় অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বিক নিরাপত্তার প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থন বজায় রাখবে।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, হুতিদের সাম্প্রতিক হামলায় আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ হামলার ঘটনায় বিভিন্ন স্থানে আগুনের সূত্রপাত ঘটে এবং জ্বালানি অবকাঠামোর কার্যক্রমে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতিদের এ তৎপরতা মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নতুন করে ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে হরমুজ প্রণালির বাইরেও জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়ে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী থেকে সরকারকে উৎখাত করার পর গত এক দশকেরও বেশি সময় ধরে হুতিদের বিরুদ্ধে লড়াইরত আরব জোটের নেতৃত্ব দিয়ে আসছে রিয়াদ। সম্প্রতি সেই সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও পূর্ববর্তী যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
kalprakash.com/IM