প্রতারণা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের জামিন আদেশের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিন মঞ্জুর করেন। জামিনের আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানো এবং আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না।
বিদিশার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড হওয়ায় সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত করে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করার পর অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন বিদিশা সিদ্দিক।
kalprakash.com/IM