কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ হাজার ৫৬০ টাকা বলে নিশ্চিত করেছে বাহিনীটি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পথে ভারতীয় পণ্যের প্রবেশ ঠেকাতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে ৬০ বিজিবি। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তবর্তী পয়েন্টে অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হলেও এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবির এমন ধারাবাহিক ও কঠোর পদক্ষেপে সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
kalprakash.com/IM