দীর্ঘ ৫২ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূলপর্বে স্থান করেছে। আন্তর্জাতিক প্লে-অফ ফাইনালে জ্যামাইকা জাতীয় দলকে ১-০ গোলে হারিয়ে কঙ্গো এই সাফল্য অর্জন করে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় মেক্সিকোর গুয়াদালাহারায়, এবং একমাত্র গোলটি আসে অতিরিক্ত সময়ে। অ্যাক্সেল তুয়ানজেবে ১০০তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান। ম্যাচের আগে তিনি বলেছিলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ।
নির্ধারিত সময়ে কঙ্গোর স্ট্রাইকার সেন্দ্রিক বাকাম্বুর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পরে অতিরিক্ত সময়ে তুয়ানজেবের একমাত্র গোল নিশ্চিত করে কঙ্গোর বিশ্বকাপ খেলার স্থান।
ভিডিও সহকারী রেফারি নিশ্চিত করেছেন, গোলের সময় কোনো হ্যান্ডবলের ঘটনা ঘটেনি। অন্যদিকে, জ্যামাইকা সমতা ফেরাতে কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।
ডিআর কঙ্গো ৪৮ দলের বিশ্বকাপের ‘গ্রুপ কে’-তে অংশ নেবে। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগাল, এরপর কলম্বিয়া এবং উজবেকিস্তান এর সঙ্গে খেলা হবে।
kalprakash.com/SS