পাবনার চাটমোহরে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রবি (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেপ্তারকৃত মো. রবি চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জননী। জীবিকার তাগিদে তাঁর স্বামী ঢাকায় গাড়ি চালানোর কারণে বাড়িতে তিনি সন্তানদের নিয়ে বসবাস করেন।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মো. রবি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পাশের ঘর থেকে তাঁর ১৪ বছর বয়সী মেয়ে ছুটে আসে। মা ও মেয়ের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত রবিকে হাতেনাতে আটক করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাতেই চাটমোহর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রবিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শনিবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
kalprakash.com/IM