বলিউড সুপারস্টার আমির খানের সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বরাবরই অনুরাগীদের বাড়তি আগ্রহ রয়েছে। বিচ্ছেদের পরও দুজনের সঙ্গেই আমিরের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে।
এবার আমিরের পারিবারিক জীবন এবং সাবেক স্ত্রীদের সঙ্গে তাঁর বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি ও তাঁর স্ত্রী শার্লট।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে আমিন হাজি স্মৃতিচারণ করে বলেন, আমির একবার মজা করে তাঁকে বলেছিলেন, তিনি স্বামীর চেয়ে ‘ভালো একজন প্রাক্তন স্বামী’। আমিনের ভাষ্য অনুযায়ী, আমিরের কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে কারও ওপর তাঁর মন খারাপ হলেও তা নির্দিষ্ট একটি বিষয়েই সীমাবদ্ধ থাকে; অন্য বিষয়গুলোতে তাঁর আচরণ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে যায় না।
আমিন আরও জানান, মানুষকে বিচার করার ক্ষেত্রেও আমিরের একটি নিজস্ব সহজ দর্শন রয়েছে। আমিরের মতে, কেউই নিখুঁত নয় এবং মানুষমাত্রই ভুল করে। তাই কেবল কারও ভুলের দিকে নজর না দিয়ে তার ভালো দিক ও ইতিবাচক কাজগুলোকে গুরুত্ব দেওয়া উচিত।
আমিরের সাবেক স্ত্রী রিনা দত্তের ব্যক্তিগত পছন্দ ও স্বকীয় পরিচয়ের প্রতিও তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে বলে জানান আমিন ও শার্লট দম্পতি। বিয়ের পরও রিনা নিজের পারিবারিক পদবি ও ধর্মীয় পরিচয় পরিবর্তন করেননি এবং আমিরও কখনো তাঁর ওপর পরিচয় বদলানোর কোনো প্রত্যাশা চাপিয়ে দেননি। শার্লট বলেন, রিনা নিজের নাম ‘রিনা দত্ত’ই রেখেছেন এবং আমির সেটিকে মনেপ্রাণে সম্মান করেন। এমনকি সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও রিনার সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছিল।
রিনার দুই সন্তান জুনায়েদ ও আইরার জন্মের সময়কার স্মৃতি তুলে ধরে শার্লট আমিরের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন। তাঁর মতে, আমির এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও জীবনের নানা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের মধ্যে ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেন।
বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রটি মুক্তির পর আমিরকে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কটাক্ষ ও নেতিবাচক প্রচারণার মুখে পড়তে হয়েছিল, তখনও তিনি ভেঙে পড়েননি। শার্লট বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে তারকারা খুব সহজেই আক্রমণের শিকার হন। তবে এমন তিক্ত অভিজ্ঞতার কারণে আমির কারও সঙ্গে হুট করে সম্পর্ক ছিন্ন করেন না। বরং তিনি মানুষকে বোঝার চেষ্টা করেন, ইতিবাচক দিকগুলোতে গুরুত্ব দেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন।
উল্লেখ্য, আমির খান প্রথমে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই সংসারে তাঁদের দুই সন্তান জুনায়েদ ও আইরা রয়েছে। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির এবং ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের ছেলে আজাদের জন্ম হয়। ২০২১ সালে কিরণ ও আমির যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। বর্তমানে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান।
kalprakash.com/IM