আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অপহরণের শিকার দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। উদ্ধারের পর দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁরা বাংলাদেশে ফিরে এসেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা যায়, আদ্দিস আবাবায় ওই দুই বাংলাদেশি নাগরিক দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন। ঘটনাটি জানার পর বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগে ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের সহযোগিতায় তাঁদের সফলভাবে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দেশটির প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২৩ জুন থেকে এসব আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁরা আদ্দিস আবাবায় অবস্থান করেন।
এ সময়টাতে ওই দুই নাগরিককে আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন।
kalprakash.com/IM