ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন এবং আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজার এলাকায় অভিযান চালিয়ে নাসিরনগর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জুবায়ের প্রকাশ রায়হান। তিনি নাসিরনগর উপজেলার ধরমন্ডল লম্বা হাটি এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধরমন্ডল বাজারের জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিং দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচা এবং বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সেগুলোর আইএমইআই নম্বর পরিবর্তনের অপতৎপরতা চলছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে ভিভো (Vivo), রিয়েলমি (Realme), টেকনো (Tecno) ও রেডমি (Redmi) ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে আইএমইআই নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত এইচপি (HP EliteBook 845G7) ও আসুস (ASUS X509J) ব্র্যান্ডের ২টি ল্যাপটপ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুবায়ের প্রকাশ রায়হানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
নাসিরনগর থানা-পুলিশ জানায়, উদ্ধারকৃত ডিভাইস ও মোবাইল বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
kalprakash.com/IM