বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানির একটি দল দিগরাজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে গোপাল সরকারকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মোংলা ও এর আশপাশের এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের এই চালানের মূল উৎস, সরবরাহের সঙ্গে জড়িত চক্র এবং এর গন্তব্য সম্পর্কে তথ্য যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৬ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
kalprakash.com/IM