মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২১:৪৪

গণভোটে ইইউ প্রস্তাব বাতিল: নিরাপত্তার বিকল্প পথ খুঁজছে আইসল্যান্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯
শেয়ার: mail
গণভোটে ইইউ প্রস্তাব বাতিল: নিরাপত্তার বিকল্প পথ খুঁজছে আইসল্যান্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে ব্রাসেলসের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর জাতীয় নিরাপত্তা জোরদারে নতুন পথ খুঁজছে আইসল্যান্ড। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইইউর সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে দেশটি। সোমবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী থর্গেরদুর গুনারসদোত্তির।

এর আগে শনিবার ইইউর সদস্যপদ নিয়ে ব্রাসেলসের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সরকারি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৫২ দশমিক ৮ শতাংশ ভোটার প্রস্তাবের বিপক্ষে এবং ৪৭ দশমিক ২ শতাংশ পক্ষে ভোট দেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮২ দশমিক ৫ শতাংশ।

গণভোটের ফলাফল প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরু না করার সিদ্ধান্ত হলেও আইসল্যান্ডের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হবে। ভূরাজনৈতিক বাস্তবতা ভোটের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পথ বের করতে হবে।

সাম্প্রতিক সময়ে আইসল্যান্ডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধির অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও নীতি। তিনি একাধিকবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ন্যাটোর প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রতিশ্রুতি নিয়েও তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা।

প্রায় চার লাখ জনসংখ্যার দেশ আইসল্যান্ড ন্যাটোর সদস্য হলেও তাদের নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। দেশটির সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ন্যাটোর সদস্যপদ এবং ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ওপর নির্ভরশীল।

আইসল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, সদস্যপদ আলোচনা বাতিল হলেও ইউরোপীয় ইউনিয়ন দেশটির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবে। ফিনল্যান্ড ও নরওয়ের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি জাপান ও কানাডার সঙ্গেও কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণ করা হবে। এ ছাড়া ১৯৯৪ সাল থেকে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার (ইইএ) অংশ হওয়ায় একক বাজারে যে প্রবেশাধিকার রয়েছে, সেই কাঠামো কাজে লাগিয়ে ইইউর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গণভোটে ইইউ প্রস্তাব বাতিল: নিরাপত্তার বিকল্প পথ খুঁজছে আইসল্যান্ড

বিস্তারিত কমেন্টে