মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৯:২৮

এক হাজার টাকার শখ থেকে মাসে লাখ টাকা আয়, সফল নারী উদ্যোক্তা রাখি

সিরাজুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
এক হাজার টাকার শখ থেকে মাসে লাখ টাকা আয়, সফল নারী উদ্যোক্তা রাখি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শখের বশে বাড়ির আঙিনায় গাছ লাগানো দিয়ে শুরু। এরপর দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির গাছ সংগ্রহ করতে করতে সেই শখই রূপ নিয়েছে সফল বাণিজ্যিক উদ্যোগে। মাত্র এক হাজার টাকার পুঁজি থেকে শুরু করে আজ প্রায় ২০ লাখ টাকার নার্সারির মালিক নীলফামারীর নারী উদ্যোক্তা আতিফা নাসরিন রাখি। গাছ ও চারা বিক্রি করে যাবতীয় খরচ বাদে প্রতি মাসে তাঁর আয় হচ্ছে প্রায় এক লাখ টাকা।

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী গ্রামের বাসিন্দা রাখির এই নার্সারির নাম ‘প্লান্টোলজি’। বর্তমানে তাঁর নার্সারিতে দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রজাতির গাছের সংগ্রহ রয়েছে। এর মধ্যে ইনডোর প্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট, স্যানসেভেরিয়া, অ্যালোভেরা, আগলোনেমা, কোলিয়াস, ট্রেডেস্কান্টিয়া, মনস্টেরা, ফিলোডেনড্রন, মানিপ্লান্ট, বাগানবিলাস, কাঁটামুকুট ও অর্কিডসহ নানা ধরনের বাহারি ফুল এবং সৌন্দর্যবর্ধনকারী পাতাবাহার গাছ অন্যতম।

উদ্যোক্তা জানান, ২০২০ সালে ঘর সাজানোর উদ্দেশ্যে মাত্র এক হাজার টাকা দিয়ে দুই জোড়া ক্যাকটাসের চারা কিনেছিলেন তিনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নার্সারির পেজ দেখে বাগান ও গাছের প্রতি তাঁর আগ্রহ বৃদ্ধি পায়। ধীরে ধীরে নতুন প্রজাতির চারা সংগ্রহ ও চারা উৎপাদন শুরু করেন। একপর্যায়ে গাছের সংখ্যা বৃদ্ধি পেলে পারিবারিকভাবেই গড়ে তোলেন ‘প্লান্টোলজি’ নার্সারি।

সরেজমিনে দেখা যায়, নার্সারিজুড়ে বিভিন্ন আকারের টব ও ঝুলন্ত পাত্রে শোভা পাচ্ছে বৈচিত্র্যময় গাছ। ছাউনি ও মাচার নিচে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ক্যাকটাস, সাকুলেন্ট, স্যানসেভেরিয়া ও রঙিন পাতার বাহারি গাছ। সরাসরি নার্সারি থেকে বিক্রির পাশাপাশি ‘প্লান্টোলজি’ নামের ফেসবুক পেজের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে চারা সরবরাহ করছেন রাখি। এছাড়া পরিচিতি বাড়াতে বিভিন্ন কৃষি মেলা ও বৃক্ষ প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন তিনি।

আতিফা নাসরিন রাখি বলেন, শুরুতে নিজের ভালো লাগা থেকেই গাছ লাগানো শুরু করেছিলাম। পরে চাহিদা তৈরি হওয়ায় চারা তৈরি করে বিক্রি শুরু করি। বর্তমানে নার্সারিতে ১৫ থেকে ২০ লাখ টাকার চারা রয়েছে। যাবতীয় পরিচর্যা খরচ বাদ দিয়ে মাসে গড়ে প্রায় এক লাখ টাকা লাভ থাকে। এই কাজে শুরু থেকেই আমার স্বামী ও শাশুড়ি সাজেদা বেগম সার্বিক সহযোগিতা করেছেন।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, আতিফা নাসরিন রাখির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শখকে কাজে লাগিয়ে একটি সম্ভাবনাময় নার্সারি গড়ে তুলেছেন, যা অন্যদেরও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এক হাজার টাকার শখ থেকে মাসে লাখ টাকা আয়, সফল নারী উদ্যোক্তা রাখি

বিস্তারিত কমেন্টে