যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
বিজিবি সূত্র জানায়, রবিবার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি (আন্তর্জাতিক চেকপোস্ট) ও আমড়াখালি চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানকালে ভারত থেকে অবৈধ পথে আনা ১১২ পিস শাড়ি, ৯৭ কেজি ফুচকা, ৩ কেজি কিশমিশ, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রীসহ সোনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি এবং বিশেষ আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM