রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৬:৫৩

ফেড প্রধানের বক্তব্যে মার্কিন শেয়ারবাজারে পতন, বাড়ল ডলারের দর

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
ফেড প্রধানের বক্তব্যে মার্কিন শেয়ারবাজারে পতন, বাড়ল ডলারের দর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত কড়াকড়ি বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান কেভিন ওয়ারশ। তাঁর এই বক্তব্যকে প্রত্যাশার চেয়ে বেশি কঠোর হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। এর পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন ঘটেছে এবং আন্তর্জাতিক বাজারে ডলারের মান বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিংয়ে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জ্যাকসন হোল সিম্পোজিয়ামে দেওয়া এক বক্তব্যে ওয়ারশ বলেন, ‘মূল্যস্ফীতির অন্তর্নিহিত প্রবণতা যে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার দিকে স্পষ্টভাবে ও দ্রুত গতিতে এগোচ্ছে, সে বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে। তা না হলে আমাদের আরও নীতিগত পদক্ষেপ নিতে হবে।’

ফেড প্রধানের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে সুদের হার আরও বাড়ার সম্ভাবনার প্রতিফলন ঘটায়। এর ফলে আগামী সেপ্টেম্বরের মুদ্রানীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে ইউরোসহ বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম দ্রুত বেড়েছে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বর্তমানে ৩ দশমিক ৭ শতাংশে অবস্থান করছে, যা ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ। এর মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে জ্বালানির বর্ধিত মূল্য শীতকালেও উচ্চ থাকতে পারে বলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে উল্লেখ করেন ওয়ারশ।

ফেড প্রধানের বক্তব্যের পর প্রাথমিক লেনদেনে কিছুটা চাঙা থাকলেও দিন শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়ে পড়ে। দিন শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পায়।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন বলেন, জ্যাকসন হোলের বৈঠকে কেভিন ওয়ারশের বক্তব্য গত জুলাইয়ের সংবাদ সম্মেলনের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও কড়াকড়িমুখী ছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী ও মূল্যস্ফীতি উচ্চ থাকলে ফেড যে সুদের হার বাড়ানোর পক্ষেই থাকবে, তাঁর বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।

এর আগে ইউরোপের শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ করে। বিলাসপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর ভর করে প্যারিসের প্রধান সূচক ১ শতাংশ বাড়ে। এশিয়ার বাজারে টোকিও ও হংকংয়ের সূচক বাড়লেও সিউল ও সাংহাইয়ের বাজারে পতন হয়েছে।

এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সতর্কবার্তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বৈশ্বিক মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফেড প্রধানের বক্তব্যে মার্কিন শেয়ারবাজারে পতন, বাড়ল ডলারের দর

বিস্তারিত কমেন্টে