ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট পূর্বাহ্ণ থেকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হলো। বিধি মোতাবেক তিনি এ পদের সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্বপ্রাপ্তির পর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দক্ষতা, সততা ও জবাবদিহির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক উৎকর্ষ অর্জনে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব। এ দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
kalprakash.com/IM