আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং আরও শক্তিশালী ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি নির্বাচন কমিশনকে পূর্ণ নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি কমিশনের সার্বিক কার্যক্রম, বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এনআইডি সেবাসহ বিভিন্ন নীতিগত বিষয়ের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান নির্বাচন কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকারসহ অন্যান্য সকল নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM