ভারতের উত্তর প্রদেশের কানপুরে উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অপরজন অভিজ্ঞ প্রশিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে আসার সময় গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি আকস্মিকভাবে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া এবং কর্ণাটকের অভিষেক পূজারি। নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের দীর্ঘ অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।
ঘটনাস্থলে দেখা গেছে, গাছপালা ও ঘাসযুক্ত ফাঁকা জমিতে বিমানটি আছড়ে পড়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে এবং এর বিভিন্ন ধাতব অংশ ও ডানা চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালে প্রশিক্ষণ বিমানটি গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত করা হয়েছিল।
এদিকে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
kalprakash.com/IM