অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিক্স। পশ্চিম তীরের সংবেদনশীল ‘ই-১’ (E1) এলাকায় নতুন বসতি নির্মাণ প্রকল্প এগিয়ে নেওয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মিক্স জানান, অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি নির্মাণ পরিকল্পনার আওতায় ১ হাজার ২০০টিরও বেশি আবাসিক ইউনিটের জন্য দরপত্র আহ্বানের যে সিদ্ধান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিয়েছে, তাতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
এক বিবৃতিতে গ্রেগরি মিক্স বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো সম্পূর্ণ অবৈধ। কয়েক দশক ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের মার্কিন প্রশাসনই এই এলাকায় বসতি নির্মাণের বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করে এসেছে। কারণ, ই-১ অঞ্চলে নির্মাণকাজ হলে পশ্চিম তীর আরও খণ্ডিত হবে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি জনবসতিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের একটি কার্যকর স্বাধীন রাষ্ট্র পাওয়ার যেমন অধিকার রয়েছে, তেমনি ইসরায়েলিদেরও দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও সংঘাতমুক্ত ভবিষ্যৎ পাওয়ার অধিকার রয়েছে। ইসরায়েলি বসতি সম্প্রসারণের ফলে আলোচনার মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান ক্রমেই অসম্ভব হয়ে পড়বে। পাশাপাশি এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে এবং যুক্তরাষ্ট্রেও দেশটির প্রতি সমর্থন দুর্বল করবে।
গ্রেগরি মিক্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ওয়াশিংটন যে এই ই-১ পরিকল্পনা মেনে নেবে না, তা নেতানিয়াহুর কাছে স্পষ্ট করতে হবে। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পরিষ্কার করতে হবে যে ই-১ পরিকল্পনা বাস্তবায়নের সময় যুক্তরাষ্ট্র নীরব থাকবে না। এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে এবং নির্মাণের দিকে আর কোনো পদক্ষেপ না নিতে তাঁর স্পষ্ট দাবি জানানো উচিত।
সূত্র: আনাদোলু এজেন্সি
kalprakash.com/IM