প্রতারণার এক মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, প্রতারণার একটি মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা হয়েছিল। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
kalprakash.com/IM