ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কসবা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কসবা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
কর্মসূচিতে পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
সচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয়, বাড়ি ও আঙিনার আশপাশে তিন দিনের বেশি সময় পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও পাত্র এবং নির্মাণসামগ্রীসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। একই সঙ্গে বাড়ির চারপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার রাখা এবং ড্রেন ও নালা যেন ময়লা-আবর্জনায় আটকে না থাকে, সেদিকেও সবাইকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলা হয়, মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
কসবা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর এলাকার বিভিন্ন ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি মশার বিস্তার রোধে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
kalprakash.com/IM