সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৩:২৭

নুসরাত হত্যা মামলা: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:১৮
শেয়ার: mail
নুসরাত হত্যা মামলা: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি বহিষ্কৃত অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড বহাল থাকা অপর আসামি হলেন শাহাদাত হোসেন ওরফে শামীম।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। এর আগে গত ২০ আগস্ট এ মামলার দীর্ঘ শুনানি শেষ হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলা তুলে না নেওয়ায় ওই বছরের ৬ এপ্রিল নুসরাতকে মাদরাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পরবর্তীতে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ মোট ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। নিম্ন আদালতের ওই রায় ডেথ রেফারেন্স হিসেবে ২০১৯ সালের ২৯ অক্টোবর হাইকোর্টে আসে (ডেথ রেফারেন্স নং ১৪০/১৯)। পাশাপাশি আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল দায়ের করেন। অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত শেষে দীর্ঘ শুনানি নিয়ে আজ হাইকোর্ট চূড়ান্ত এ রায় ঘোষণা করলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নুসরাত হত্যা মামলা: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

বিস্তারিত কমেন্টে