রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মূল ফটক ও সংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে রাতেও অভিযান পরিচালনা করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
শুক্রবার (২১ আগস্ট) রাতে কলেজের মূল ফটক ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান ও অব্যবস্থাপনা সরিয়ে শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বদানকারী তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতারা বলেন, চলমান কার্যক্রমের অংশ হিসেবে কলেজের মূল ফটক ও সংলগ্ন ফুটপাত শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও অব্যবস্থাপনার কারণে এ এলাকায় চলাচলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর ক্ষতি না করে শান্তিপূর্ণ উপায়ে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও বলেন, কলেজের পরিবেশ সুন্দর, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে দিন-রাত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও পথচারীরা যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তেজগাঁও কলেজ মূল সড়কের পাশে অবস্থিত হওয়ায় ফুটপাতের দোকান ও অতিরিক্ত ভিড়ের কারণে একদিকে যেমন স্বাভাবিক চলাচল ব্যাহত হয়, অন্যদিকে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশও বিঘ্নিত হয়। ক্লাস শেষে কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়ানোর জায়গাটুকুও অনেক সময় থাকে না।
এদিকে পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগে কলেজের সামনের ফুটপাত দিয়ে চলাচল করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতো। ফুটপাত উন্মুক্ত রাখার এ উদ্যোগ সাধারণ মানুষের যাতায়াতকে অনেকটাই সহজ করবে।
উল্লেখ্য, রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা ফার্মগেটে তেজগাঁও কলেজসংলগ্ন সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় ফুটপাত খালি করার মৌখিক নির্দেশনা দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও কলেজের মূল ফটক ও ফুটপাতে অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছিল ছাত্রদল।
kalprakash.com/IM