রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন নাট্যকার সংঘের দ্বিবার্ষিক সাধারণ সভা। এতে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহসাধারণ সম্পাদক হয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, দপ্তর সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে মারুফ হোসেন সজিব দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে রয়েছেন লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।
সাধারণ সভায় বক্তারা বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়; সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনবোধ তুলে ধরার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের নাট্যকারদের সৃজনশীলতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ২০২৬–২০২৮ মেয়াদে টেলিভিশন নাট্যকার সংঘকে আরও সুসংগঠিত, কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন তাঁরা। একই সঙ্গে নাট্যকারদের পেশাগত অধিকার ও কল্যাণে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
kalprakash.com/IM