শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০১:১৩

ইন্টারপোলে রেড নোটিশ চাওয়ায় এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০১
শেয়ার: mail
ইন্টারপোলে রেড নোটিশ চাওয়ায় এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বললেন নেতানিয়াহু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার ঘটনায় নেতানিয়াহু ও এক ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানানোর পর এরদোয়ানকে ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন তিনি।

নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে তুরস্কের আঞ্চলিক সামরিক তৎপরতা, দেশটির অভ্যন্তরীণ শাসনব্যবস্থা এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি আঙ্কারার সমর্থনের কড়া সমালোচনা করা হয়। এতে দাবি করা হয়, এরদোয়ান কুর্দিদের হত্যা করেছেন, হামাস সদস্যদের আশ্রয় দিয়েছেন এবং সাইপ্রাসের একটি অংশ দখল করে রেখেছেন। একই সঙ্গে তাঁর বিরোধিতাকারী বহু সাংবাদিক ও রাজনীতিককে কারাগারে পাঠানোর অভিযোগও তোলা হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও অভিযোগ করে, এরদোয়ান এখন ইসরায়েলের বিরুদ্ধে তাঁর আগ্রাসন সিরিয়াতেও ছড়িয়ে দিতে চাইছেন, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নেবে না।

আন্তর্জাতিক আইনের বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে তুরস্কের ব্যবস্থা নেওয়ার উদ্যোগেরও সমালোচনা করা হয় বিবৃতিতে।

ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে মূলত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক কর্মীদের ওপর সহিংস সামরিক অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। তুরস্কের আইনমন্ত্রী এক্সে দেওয়া বিবৃতিতে জানান, নেতানিয়াহু ও মোস্কোভিচকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাঁদের প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় নথি দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মোস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অনুরোধ জানানো হয়েছে। গুরলেক বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার কর্মীদের ওপর হামলার ঘটনায় বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। ইস্তাম্বুলের ফৌজদারি আদালতে নেতানিয়াহু ও মোস্কোভিচসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে বিচার চলছে। তাঁর ভাষ্যমতে, ২০২৬ সালের ১৪ জুলাই নেতানিয়াহু ও মোস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানানো হয়।

তুরস্কের আইনমন্ত্রী আরও বলেন, গাজায় গণহত্যার নীতি বাস্তবায়নের জন্য দায়ী ব্যক্তিরা কোনো ধরনের জবাবদিহির বাইরে থাকবেন—এমন ধারণা তুরস্ক মেনে নেবে না। সেখানে সংঘটিত অপরাধ ধামাচাপা দেওয়া বা অপরাধীদের দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক আইনের সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তুরস্কের অভিযোগপত্রে আন্তর্জাতিক ত্রাণকর্মীদের আটকে রাখার সঙ্গে জড়িত বেশ কিছু গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষয়ক্ষতি, গুরুতর লুটপাট এবং পরিবহন যান ছিনতাই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইন্টারপোলে রেড নোটিশ চাওয়ায় এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বললেন নেতানিয়াহু

বিস্তারিত কমেন্টে