বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ৯:২৩:৫৯

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কুবিতে বিএনসিসির অভিযান

কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৪২
শেয়ার: mail
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কুবিতে বিএনসিসির অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ডেঙ্গুর বিস্তার রোধ ও প্রাণঘাতী এডিস মশার বংশবৃদ্ধি ধ্বংসের লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ময়নামতি রেজিমেন্টের নির্দেশনায় কুবি বিএনসিসি প্লাটুন দিনব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি সম্পন্ন করে।

অভিযান চলাকালে ক্যাডেটরা দলবদ্ধভাবে ক্যাম্পাসের নর্দমা, আবর্জনার স্তূপ, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করেন। একই সঙ্গে এডিস মশার লার্ভা বিনষ্ট করতে জমে থাকা পানিতে পরিমাণমতো ব্লিচিং পাউডার ছিটানো হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হয়।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত হয়ে উৎসাহ জোগান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এতে আরও অংশগ্রহণ করেন কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার এবং ময়নামতি রেজিমেন্টের সামরিক কর্মকর্তা সার্জেন্ট জুয়েল রানা। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্লাটুন ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক।

অভিযান শেষে কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশের বিকল্প নেই। যেকোনো জাতীয় ও সামাজিক সংকটে বিএনসিসি ক্যাডেটরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে। একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস উপহার দিতে আমাদের এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ক্যাডেটদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “সবুজ ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। নিজের চারপাশ পরিষ্কার রাখা সবারই নৈতিক দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক ব্যাধি বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

উল্লেখ্য, ‘জ্ঞান ও শৃঙ্খলা’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৯ সালের ২৯ এপ্রিল যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেটরা নিয়মমাফিকভাবে ক্যাম্পাসের নিরাপত্তা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে আসছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward