বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ৯:২৭:৩৩

জবি শিক্ষার্থীদের জরুরি সেবায় জকসুর অ্যাম্বুলেন্স উপহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
জবি শিক্ষার্থীদের জরুরি সেবায় জকসুর অ্যাম্বুলেন্স উপহার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত ও সহজলভ্য করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার হিসেবে হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্য ভবনের সামনে আয়োজিত এক সুসংগঠিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সটির চাবি প্রশাসনের কাছে বুঝিয়ে দেন জকসু নেতৃবৃন্দ।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

হস্তান্তর অনুষ্ঠান শেষে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানান জকসু নেতারা।

জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো অত্যন্ত ন্যাক্কারজনক। এমনকি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে, যা এক আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে।”

জকসু ভিপি রিয়াজুল ইসলাম জানান, “নির্বাচনের সময় শিক্ষার্থীদের দেওয়া অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই জকসু নিজ উদ্যোগে এই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সহিংসতায় ৭০ জনের বেশি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত বহিরাগত ও অছাত্রদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে কঠোর ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়ন এবং চিকিৎসাসেবার মান বাড়াতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।”

একই সাথে জকসুর পক্ষ থেকে ৩ দফা মূল দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো— জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত সেনাবহিনীকে হস্তান্তর, বরাদ্দকৃত ২০ কোটি টাকায় চলতি বছরের মধ্যেই ১,৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ এবং মেডিকেল সেন্টারে জরুরি ভিত্তিতে একজন স্থায়ী চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward