মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ২:২১:০৪

জবিতে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

নুশরাত মীম, জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
জবিতে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের আয়োজনে এক পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের নিচতলায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মের প্রশংসা করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পেছনে চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্দোলনের সময় শিল্পীরা তাঁদের সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও প্রতিবাদী চেতনা জাগ্রত করতে ভূমিকা রেখেছেন।”

তিনি আরও বলেন, “চারুকলা অনুষদের কর্মকাণ্ড কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা পুরান ঢাকার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং চারুকলার সৃজনশীল চর্চার মাধ্যমে পুরো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে। দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে শিল্পীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।”

প্রদর্শনীতে স্থান পাওয়া পোস্টারগুলোতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, চেতনা, আন্দোলনের প্রেক্ষাপট ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা শিল্পীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

অনুষ্ঠানে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহা. আলপ্তগীনসহ চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward