মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | দুপুর ১:০৩:৫২

জবিতে ৬ষ্ঠ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত, দুই গুণীকে জবিয়ান পদক প্রদান

নুশরাত মীম, জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৫৪
শেয়ার: mail
জবিতে ৬ষ্ঠ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত, দুই গুণীকে জবিয়ান পদক প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ উৎসবে আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, “অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে। রাজনীতি ও সংস্কৃতি থেকে অশালীনতা দূর করে পরিশীলিত পরিবেশ তৈরি করতে হবে। অন্যথায় দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি জবির সাংস্কৃতিক চর্চায় সার্বিক সমর্থনের আশ্বাস দেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, পুরান ঢাকার ঐতিহ্যকে কেন্দ্র করে দেশের সংস্কৃতির একটি শক্তিশালী বলয় গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন শিক্ষা প্রতিষ্ঠানে আবৃত্তি শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শুধু কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট নয়, বরং নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদারকে ‘কবি সম্মাননা জবিয়ান পদক’ এবং বরেণ্য আবৃত্তিশিল্পী মুন্সী মো. রেজাউল হোসেইন টিটোকে ‘আবৃত্তিশিল্পী সম্মাননা জবিয়ান পদক’ দেওয়া হয়।

এর আগে অনুষ্ঠিত আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এইচ এম ফাহিম। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবের শেষ পর্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

জবি আবৃত্তি সংসদের সভাপতি আবিদুল হক রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফা আক্তার লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশাসনিক ভবনের চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward